
আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের একটি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ খবরে আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।স্থানীয় সূত্রগুলো জানায়, সফরকালে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পারেন। তবে ফটিকছড়িতে কোনো দলীয় বা সরকারি কর্মসূচিতে তিনি অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম আজিজ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনের খবরে শুধু দলীয় নেতাকর্মী নয়, সর্বস্তরের মানুষের মধ্যেই উৎসাহ বিরাজ করছে।হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মাওলানা আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে প্রাথমিকভাবে অবহিত করা হলেও বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী জানান, সম্ভাব্য সফরের কথা শোনা গেলেও এখনো সাংগঠনিকভাবে কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরের খবর শোনা গেলেও এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

