
দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক বলেছেন, বাঙালি হিসেবে বেঁচে থাকার উৎস ও প্রেরণা ধারণ করেই আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত। বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধই হওয়া দরকার আমাদের জীবনের মূল লক্ষ্য, যাতে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব আয়োজিত পৌষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম এ মালেক বলেন, পিঠা উৎসব বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের এক অনন্য প্রকাশ। পিঠা শুধু একটি খাবার নয়; এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ, গ্রামবাংলার স্মৃতি এবং পারিবারিক উষ্ণতার প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে সহায়ক ভূমিকা রাখে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সবসময়ই সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যচর্চার পক্ষে কাজ করে আসছে। পৌষ উৎসব তারই একটি ধারাবাহিক ও সুন্দর উদাহরণ। এই আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে মিলনমেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, যেখানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। পৌষ উৎসবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, পৌষ উৎসব কমিটির আহ্বায়ক ডেইজি মওদুদ ও সদস্য সচিব রূপম চক্রবর্তী, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী কমিটির সদস্য সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ। উৎসবকে ঘিরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সুবর্ণা রহমান, এসবি সুমি ও আহমদ নূর মাসুদ। এছাড়া নিক্ষণ একাডেমির শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন, যার নৃত্য পরিচালনা করেন সেতু বিশ্বাস।


