
রাজধানীর যাত্রাবাড়ী গোলচত্বর এলাকা থেকে ছিনতাইয়ের সময় দুইজনকে গ্রেফতার করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমসিসি নং-৯৬৫/২৬ ও জিডি নং-২৭৩/২৬-এর ভিত্তিতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের এসআই (নিঃ) মো. মুরাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী গোলচত্বর এলাকার পাকা সড়ক থেকে ছিনতাইরত অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—মোহাম্মদ আলী (২০)। তিনি গোপালগঞ্জ সদর থানার পশ্চিমশুকতাইল এলাকার ইমান আলী ও জবেদা বেগমের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা (ডাবতলা) এলাকায় সজিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপরজন শাওন (২২)। তিনি যাত্রাবাড়ী থানার শনিরআখড়া (গোবিন্দপুর) এলাকার ইদ্রিস ও সুমি দম্পতির ছেলে। পরে গ্রেফতার দুইজনকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


