
ভেনেজুয়েলা তার উপকূল রক্ষার সক্ষমতা বাড়াতে সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো শনিবার (২৫ অক্টোবর) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতি ও সম্ভাব্য ‘গোপন অভিযান’ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পেন্টাগনের বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়নের একদিন পরই কাড়াকাসে মহড়ার ঘোষণা আসে। পাদ্রিনো জানান, মহড়াটি শুরু হয়ে গেছে এবং এটি উপকূলীয় নিরাপত্তা, মাদক পাচার ও গোপন হামলা প্রতিহত করতে ৭২ ঘণ্টা চলবে। ওয়াশিংটন জানিয়েছে, ২ সেপ্টেম্বর থেকে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান করার অনুমোদন দিয়েছেন, এবং স্থল অভিযানের কথাও বিবেচনা করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, উপকূলে রাশিয়ার ইগলা-এস ধরনের কাঁধে নিক্ষেপযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনরত মিলিশিয়া সদস্যরা। মার্কিন পক্ষও প্রতিক্রিয়ায় যৌথ মহড়া ও জাহাজ মোতায়েন করছে। ইউএসএস গ্রেভলি শিগগিরই ট্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে পাঁচ দিনের যৌথ মহড়ায় অংশ নেবে এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বহরে যোগ দেবে।


