
পবিত্র শবেবরাত কবে পালিত হবে, তা জানা যাবে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। এ উপলক্ষে শাবান মাসের চাঁদ দেখার জন্য আজ সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবেবরাত পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সেক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবেবরাত পালিত হবে। শবেবরাত একটি মহিমান্বিত ও বরকতময় রাত। এ রাতকে বরাতের রাত, নিসুফু শাবান, ক্ষমার রাত, দোয়ার রাত, শাফাআতের রাত ও জাহান্নাম থেকে মুক্তির রাতসহ নানা নামে অভিহিত করা হয়। বিশ্বাস অনুযায়ী, এ রাতে আল্লাহ তায়ালা ইমানদার বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং রহমত ও মাগফিরাত দান করেন।


