
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামি মো. হেলালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৪ জুলাই রাত পৌনে ৪টার দিকে এক ব্যবসায়ী দোকান বন্ধ করার সময় মোবাইল ফোন ও ব্যবসার নগদ ২ লাখ ১০ হাজার টাকা একটি ব্যাগে রেখে দোকানের ভেতরে যান। পরে দোকান বন্ধ করার সময় ব্যাগটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন তিনি। ফুটেজে দেখা যায়, অটোরিকশায় আসা তিনজনের মধ্যে একজন কৌশলে ব্যাগটি নিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বাকলিয়া থানার মাস্টারপুল বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হেলাল ও মিজানুর রহমান প্রকাশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন চোরাই মোবাইল ফোন মো. মনিরুজ্জামান মনুর কাছে বিক্রি করার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামান মনুকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. হেলালের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার তিনজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


