
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ধানমন্ডি মডেল থানায় মামলাটি করেন। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে মামলায় এখন পর্যন্ত কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সৃষ্ট ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে এ হামলার ঘটনা ঘটে। ছয়তলা ভবনের প্রতিটি তলায় ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। হামলায় ভবনের শ্রেণিকক্ষগুলোর সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ও বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। একই সঙ্গে বেশ কয়েকটি ল্যাপটপ ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাটের ঘটনাও ঘটে।


