
ডেস্কঃ
জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ফয়েজ লেকস্থ তাঁর কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন ও জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ শে জানুয়ারি, বিকাল ৪টায় চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন-এর নেতৃত্বে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জাতির এই সূর্যসন্তানের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মাসুদরানা মোহাম্মদ ইরফান, ওয়াহেদুল চৌধুরী জি সানসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, “জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন কেবল একজন খ্যাতিমান চিকিৎসক নন—তিনি ছিলেন নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক। তাঁর জীবন আমাদের শিখিয়েছে কীভাবে জ্ঞানকে মানুষের কল্যাণে নিয়োজিত করতে হয়। এমন মানুষের স্মরণ মানে নিজেদের বিবেককে নতুন করে জাগ্রত করা।” বক্তারা বলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই মহান ব্যক্তিত্ব বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞান, শিক্ষা ও মানবকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ওষুধ নীতি প্রণয়ন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের স্মরণানুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ডা. নুরুল ইসলামের আদর্শ ও জীবনদর্শন তুলে ধরা হবে। শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


