
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আর সেখানে তিনি যা বললেন, তা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে খুব একটা দেখা যায় না—বোর্ড ও নির্বাচকদের সিদ্ধান্তকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করে এমন খোলামেলা মন্তব্য খুব কম অধিনায়কই করেন। লিটন সেই ব্যতিক্রমটাই ঘটালেন। তার ক্ষোভের শুরু শামীম হোসেনকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া নিয়ে। লিটনের দাবি, দল ঘোষণার আগে অধিনায়কের সঙ্গে আলোচনা করার নিয়ম থাকলেও এবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাকে কিছুই জানাননি। সাধারণত প্রতিটি সিরিজের দল ঘোষণার আগে কোচ ও অধিনায়কের সঙ্গে বৈঠকে নির্বাচকরা জানিয়ে দেন কারা দলে থাকছেন, কারা বাদ পড়ছেন। কিন্তু এ সিরিজে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ লিটনের। শামীম পাটোয়ারির বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠতেই লিটন স্পষ্টতই বিরক্ত হন। তিনি বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল না, পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। আমি জানি না কেন, কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়া নির্বাচকরা ওকে দল থেকে বাদ দিয়েছে, উইদাউট অ্যানি নোটিশ।’ দল নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলেন লিটন। তার ভাষায়, ‘আমি এত দিন জানতাম, একটা দল যখন তৈরি হয়, অন্তত অধিনায়ক জানে কোন খেলোয়াড় ঢুকবে, আর কে বাদ পড়বে।’


