
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের আগে পর্যন্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অত্যাবশ্যক কারণ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। এ নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, এমডি ও সিইওদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

