
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে চট্টগ্রামের পটিয়া উপজেলার সাত্তার পেটুয়া গ্রামে নির্মিত হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নিজামুল আলম, নুরুল আজিম, নুরুল আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে পটিয়ায় তাঁর নামে একটি জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তাঁর পিতা সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ২০১০ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও এই মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই পরিবারের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এমন দোয়া করেন তিনি। উল্লেখ্য, মসজিদটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতকেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।


