
মুন্সীগঞ্জের চরাঞ্চল মোল্লাকান্দিতে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবক মারা গেছেন এবং আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত আরিফ মীর (৩৫) এবং আহত ইমরান হলেন চাচাতো ভাই। ঘটনা সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে ঘটে। আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আতাউর রহমান আতিক মল্লিক ও ওয়াহিদ মোল্লার সমর্থক শাহ কামাল গ্রুপ এবং আরিফ মীরের সমর্থক আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আরিফ তার চাচাতো ভাই ইমরানকে নিয়ে বাড়ির বাইরে আসেন, তখন শাহ কামালের নেতৃত্বে একদল তাদের ওপর হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে আরিফ এবং ইমরান গুলিবিদ্ধ হন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আরিফ হাসপাতালে আসার আগেই মারা যান। ইমরানকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ক্লিনিকের সামনে আতাউর রহমান মল্লিক গ্রুপের সমর্থক তুহিন দেওয়ান (২২)কে গুলি করে হত্যা করা হয়েছিল।


