
রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া ককটেল হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে তার পরিচয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ২৮ বছর বয়সী এবং কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণসহ অন্যান্য ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে এবং রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা বৃদ্ধি করেছে। অন্তর্বর্তী সরকার আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটানোর যে কোনো প্রচেষ্টা আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিহত করা হবে।


