
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালার নাম। এর আগে বিএনপির মনোনয়ন না পাওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব থেকে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারাদেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। কবি সেলিম বালার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে। ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে তিনি একজন নিভৃতচারী দানবীর হিসেবে পরিচিত। নারীদের সেলাই মেশিন প্রদান, প্রতিবন্ধী ও পঙ্গুদের হুইল চেয়ার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, বাকপ্রতিবন্ধী পরিবারে নলকূপ স্থাপন, পঙ্গু ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য দোকান নির্মাণ, করোনাকালে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজে তিনি প্রশংসিত হয়েছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাননি তিনি। এরপর ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতিতে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে গেলেও, গত ৩ নভেম্বর বিএনপি ময়মনসিংহ-৩ আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে প্রার্থী ঘোষণা করে। পরবর্তীতে ২৩ নভেম্বর সেলিম বালা সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করেন। তখন থেকেই জোর গুঞ্জন ছিল, তিনি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচনে লড়বেন। এ বিষয়ে কবি সেলিম বালা বলেন, *“আমি মনোনয়ন না পাওয়ার কারণে বিএনপি ছাড়িনি। দলের নীতি ও অবস্থান এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমার আর আস্থা নেই। তাই সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছি। এনসিপি আমাদের মতো তরুণদের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিচ্ছে বলেই নির্বাচনে যাচ্ছি। আশা করছি জয়ী হয়ে ফিরব।”*


