
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ভোটের দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন ইসি-সম্পর্কিত বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। ইসি সানাউল্লাহ বলেন, সোমবার বিটিভিকে তফসিল রেকর্ডিংয়ের জন্য চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা হবে। আচরণবিধি নিশ্চিত করতে ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং ভোটের পাঁচ দিন আগে বাড়ানো হবে তাদের সংখ্যা। তিনি জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানোর কাজ শুরু হবে বলেও জানান তিনি। ইসির সূত্র জানায়, শুরুতে শুধু সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু একইদিনে ভোটারদের দুটি ব্যালট দিতে হবে বলে সময় বেশি লাগবে। এজন্য ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজন আছে কি না— তা যাচাইয়ে রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং আয়োজন করা হয়। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি ভোটকক্ষে একটি নয়, দুটি করে গোপন কক্ষ স্থাপন করলে নতুন কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।


