
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, “আমরা প্রাইম টার্গেটকে শনাক্ত করেছি। আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করতে পারব।” এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে দেখানো হয়েছে। তার অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কথাও জানানো হয়। পুলিশ ও র্যাবের একাধিক সূত্র জানায়, এর আগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের হওয়া ডাকাতি মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এ সময় জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে ডিএমপি কমিশনার বলেন, “প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।” উল্লেখ্য, নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডেও গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। অন্তত ৪৮ ঘণ্টা না পার হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।


