
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন ও একাধিক অতিরিক্ত কোচ বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে নিয়মিত চলাচলকারী তিনটি ট্রেনের আগামী ২৫ ডিসেম্বরের যাত্রা বাতিল করেছে রেলওয়ে। সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন চলবে এবং নিয়মিত কয়েকটি ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) ও রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা এক দিনের জন্য স্থগিত থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। বিএনপির চাহিদা অনুযায়ী কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এসব বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনার মাধ্যমে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব পাবে বলে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতের ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ প্রতিপালন করতে হবে।


