
মুরাদ হোসেন বিপ্লব
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ বিকাল ৪টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার, ন্যায়বিচার, ব্যক্তি–মর্যাদা ও স্বাধীনতার বাস্তবচিত্র তুলে ধরে অনুষ্ঠানে প্রধান আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নেতা, সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ রাকিব, মোহাম্মদ জামাল উদ্দিন, মর্জিনা আকতার বেবি, আব্দুল ওয়াহিদ চৌধুরীসহ আরও অনেকে। প্রধান আলোচনায় কামাল উদ্দিন বলেন,
“মানবাধিকার শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের বাস্তবিক জীবনে নিরাপত্তা, মর্যাদা, সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করার নাম। রাষ্ট্র, প্রশাসন ও সমাজ—সবার দায়িত্ব মানবাধিকার রক্ষা করা।” তিনি আরও বলেন— মানুষ জন্মগতভাবেই মর্যাদাবান। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার সনদ গ্রহণের পর বিশ্ব মানবাধিকার সুরক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামো পেলেও বাস্তবে অনেক দেশে আজও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশেষত নারী, শিশু, শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার বেশি ঝুঁকির মুখে রয়েছে। কামাল উদ্দিন তার আলোচনায় ধর্মীয়, দার্শনিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন— মানবাধিকার হলো মানবতার নৈতিক শিকড়। এটি না থাকলে সভ্যতা কাগজে থাকে, বাস্তবে নয়। দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে বিচারহীনতা বন্ধ করা, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। সভায় বক্তারা বলেন— আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা, সুশাসন এবং মানবিক সমাজ গড়ার প্রতি প্রত্যেক নাগরিক ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। অনুষ্ঠান শেষে মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সকল বক্তা সম্মিলিতভাবে মানবাধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।


